প্রতিটি সফটওয়্যার এবং ওয়েব অ্যাপ্লিকেশনে ডেটা কোথাও না কোথাও স্টোর করতেই হয়। এই কাজটাই করে ডেটাবেজ। আর ডেটাবেজের কথা আসলেই দুটি শব্দ প্রায়ই শোনা যায়, SQL & NoSQL ডেটাবেজ।
SQL মানে Structured Query Language, যেখানে ডেটা টেবিলের মতো ফরম্যাটে রাখা হয়। অপরদিকে NoSQL মানে Not Only SQL, যেখানে SQL এর বাইরেও বিভিন্ন ফরম্যাটে যেমন JSON ডকুমেন্ট, কী-ভ্যালু পেয়ার বা গ্রাফ আকারেও ডেটা রাখা যায়।
NoSQL এর মধ্যে MongoDB, Redis, Cassandra বেশ জনপ্রিয়, আর SQL ডেটাবেজের মধ্যে MySQL, PostgreSQL ও Oracle এর নাম শীর্ষে।
SQL ডেটাবেজের দুনিয়ায় PostgreSQL একটি খুবই জনপ্রিয় ও শক্তিশালী রিলেশনাল ডেটাবেজ সিস্টেম। এটা ওপেন সোর্স এবং ফ্রি হওয়ায় ডেভেলপারদের কাছে বেশ পছন্দের। অন্যসব SQL ডেটাবেজের মতো শুধু টেবিল-কলামেই সীমাবদ্ধ না থেকে, PostgreSQL JSON ডেটাও খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারে, অর্থাৎ এতে NoSQL ডেটাও সহজে স্টোর করা যায়।
PostgreSQL এর জনপ্রিয়তার পেছনে কয়েকটি কারণ রয়েছে— এটা ফ্রি ও ওপেন সোর্স, ফলে লাইসেন্স ফি নিয়ে চিন্তা করতে হয় না। পাশাপাশি এটি খুবই স্টেবিল ও রিলায়েবল। জটিল কুয়েরি, সাবকুয়েরি ও উইন্ডো ফাংশনসহ অ্যাডভান্সড SQL ফিচারগুলো সহজেই সাপোর্ট করে। পাশাপাশি JSON সাপোর্ট থাকায় NoSQL টাইপ ডেটাও ম্যানেজ করা যায়। আরও রয়েছে এক্সটেনশন সাপোর্ট, যার মাধ্যমে pgAdmin, PostGIS এর মতো টুল ও ফিচার যোগ করা সম্ভব। সব মিলিয়ে, এটি এমন একটি হাইব্রিড ডেটাবেজ যা টেবিল ও ডকুমেন্ট দুই ধরনের ডেটাই দক্ষভাবে হ্যান্ডেল করতে পারে। আর তাই ডেভেলপারদের কাছে PostgreSQL এত জনপ্রিয়।
যদি ডেটার মধ্যে জটিল সম্পর্ক থাকে এবং ভবিষ্যতে সেটাকে বড় আকারে করার প্রয়োজন হয়, তাহলে PostgreSQL বেছে নেওয়া ভালো। বিশেষ করে এমন অ্যাপ্লিকেশনে যেখানে জটিল হিসাব, গ্রুপিং বা রিপোর্টিং প্রয়োজন হয়, PostgreSQL-এর শক্তিশালী SQL ফিচারগুলো সেখানে খুব কাজে দেয়। ওয়েব অ্যাপ্লিকেশনের ব্যাকএন্ড (যেমন Django, Laravel, Node.js), ফিন্যান্সিয়াল সফটওয়্যার, জিওলোকেশন সিস্টেম (PostGIS এক্সটেনশনের মাধ্যমে), রিপোর্টিং টুল প্রজেক্টেও PostgreSQL ব্যাপকভাবে ব্যবহার হয়। এর এক্সটেনশন সাপোর্ট ও ফ্লেক্সিবিলিটি এটিকে প্রায় সব ধরনের প্রয়োজনে ব্যবহারযোগ্য করে তোলে।
সবকিছু মিলিয়ে বলা যায়, PostgreSQL এমন একটি শক্তিশালী ডেটাবেজ সিস্টেম যা আধুনিক অ্যাপ্লিকেশনের বিভিন্ন ধরনের ডেটা হ্যান্ডেল করার জন্য একদম উপযুক্ত। এটা শুধু রিলেশনাল ডেটাই নয়, NoSQL ধরনের ডেটাও সহজে ম্যানেজ করতে পারে। ওপেন সোর্স হওয়ায় খরচ কম, আর পারফরম্যান্স ও ফিচারের দিক থেকেও কোনো কমতি নেই। তাই ওয়েব ডেভেলপমেন্ট থেকে শুরু করে এন্টারপ্রাইজ লেভেলের কাজেও PostgreSQL হচ্ছে অনেকের প্রথম পছন্দ। শেখা সহজ, ব্যবহার নির্ভরযোগ্য — সব মিলিয়ে একজন ডেভেলপারের জন্য PostgreSQLএক অসাধারণ টুল।
PostgreSQL-এ Primary Key হলো টেবিলের এমন একটি কলাম বা কলামগুলোর সমষ্টি যা প্রতিটি রেকর্ডকে আলাদা এবং ইউনিক করে চিহ্নিত করে। যেমন, যদি students নামের একটি টেবিল থাকে যেখানে ছাত্রদের তথ্য থাকে, তাহলে প্রত্যেক ছাত্রের জন্য আলাদা একটা student_id থাকবে, যা Primary Key হিসেবে কাজ করবে। এই Primary Key এর সাহায্যে খুব দ্রুত এবং নির্ভরযোগ্যভাবে যেকোনো ছাত্রের তথ্য পাওয়া যাবে।
Primary Key কেন দরকার?
- যেন কোনো তথ্য ডুপ্লিকেট না হয়।
- যেন ডেটাবেজ জানে, এইটা একদম আলাদা একটা রেকর্ড।
- ডেটা integrity বজায় রাখতে সাহায্য করে।
- অন্যান্য টেবিল থেকে রেফারেন্স দেওয়ার জন্য নির্ভরযোগ্য একটা আইডি দেয়।
PostgreSQL-এ Foreign Key হলো একটি কলাম বা কলামগুলোর সেট যা এক টেবিলের রেকর্ডকে অন্য টেবিলের রেকর্ডের সঙ্গে যুক্ত করে। সহজ ভাষায়, এটি দুইটি টেবিলের মধ্যে সম্পর্ক তৈরি করে। উদাহরণস্বরূপ, students এবং courses নামের দুইটি টেবিল আছে। এখন যদি students টেবিলে দেখাতে হয় কোন ছাত্র কোন কোর্সে ভর্তি হয়েছে, তাহলে students টেবিলে courses টেবিলের Primary Key কে Foreign Key হিসেবে ব্যবহার করতে হবে। এতে ডেটাবেজ নিশ্চিত করে যে, ছাত্র যে কোর্সে ভর্তি হয়েছে সেটা অবশ্যই courses টেবিলের কোনো বিদ্যমান কোর্স হবে।
Foreign Key কেন দরকার?
- টেবিলগুলোর মধ্যে সঠিক সম্পর্ক বজায় রাখতে।
- ভুল ডেটা insert রোধ করতে, যেমন কোনো ছাত্রকে এমন কোর্সে না যুক্ত করা যা ডাটাবেজে নেই।
- ডেটার consistency বজায় রাখতে।
- একাধিক টেবিলের মধ্যে নির্বিঘ্ন তথ্য আদানপ্রদান নিশ্চিত করতে।
- টেবিলের প্রতিটি রেকর্ডকে ইউনিক ও আলাদা করে চিহ্নিত করার জন্য Primary Key ব্যবহার করতে হবে।
- আর যদি কোনো টেবিলের ডেটা অন্য টেবিলের ডেটার সঙ্গে যুক্ত বা রেফারেন্স করতে হয়, তখন Foreign Key ব্যবহার করতে হবে।
- সাধারণত, Primary Key একটি টেবিলের মূল শনাক্তকারী হিসেবে কাজ করে, যা ডুপ্লিকেট রেকর্ড ঠেকায় এবং ডেটার সততা নিশ্চিত করে।
- Foreign Key দিয়ে টেবিলগুলোর মধ্যে সম্পর্ক তৈরি হয়, যা ডেটাবেজে তথ্যের সামঞ্জস্য বজায় রাখতে সাহায্য করে।
- যেকোনো রিলেশনাল ডেটাবেজ ডিজাইনে, সঠিকভাবে Primary ও Foreign Key ব্যবহার করলে ডেটার স্থায়িত্ব, কার্যকারিতা ও প্রশ্ন (query) কার্যক্রম অনেক সহজ ও দ্রুত হয়।
ডেটাবেজে ডেটার গঠন আর সম্পর্ক ঠিক রাখার জন্য Primary Key ও Foreign Key দুইটাই খুব দরকারি। Primary Key দিয়ে প্রতিটি রেকর্ড ইউনিক থাকে, আর Foreign Key দিয়ে টেবিলগুলোর মধ্যে সম্পর্ক তৈরি হয়। সঠিকভাবে এই দুটি ব্যবহার করলে ডেটাবেজ হয় গুছানো, নির্ভরযোগ্য আর ব্যবহার উপযোগী। PostgreSQL-এ কাজ করতে গেলে তাই এদের গুরুত্ব বোঝা ও সঠিকভাবে ব্যবহার করা খুবই জরুরি।
PostgreSQL-এ LIMIT হলো এমন একটি ক্লজ যা বলে দেয়, SELECT কুয়েরি চালানোর পর সর্বোচ্চ কতটি রেকর্ড রিটার্ন করবে। মানে, কুয়েরি চালানোর পর কতটা ডেটা দেখা যাবে—সেটা নির্ধারণ করা যায় LIMIT দিয়ে। যেমন, LIMIT 5 দিলে কুয়েরি শুধু প্রথম ৫টি রেকর্ড দেখাবে, বাকি গুলো নয়।
OFFSET ব্যবহার করা হয় শুরুতে কয়টি রেকর্ড স্কিপ করতে হবে সেটা ঠিক করতে। যেমন, OFFSET 5 দিলে প্রথম ৫টি রেকর্ড বাদ যাবে, এরপর থেকে রেজাল্ট দেখাবে। এটা সাধারণত LIMIT-এর সঙ্গে ব্যবহার হয়, যাতে ধাপে ধাপে ডেটা দেখা যায়।
- অনেক বড় টেবিল থেকে হঠাৎ সব রেকর্ড আনলে পারফরম্যান্সে প্রভাব পড়ে—LIMIT দিয়ে চাইলেই নির্দিষ্ট সংখ্যক রেকর্ড আনা যায়।
- পেইজ ভাগ করে ডেটা দেখাতে pagination করা দরকার হয়—সেখানে LIMIT আর OFFSET একসঙ্গে ব্যবহার করে সহজেই করা যায়।
- সব রেকর্ড একসঙ্গে না দেখিয়ে ধাপে ধাপে দেখালে ব্যবহারকারীও ডেটা সহজে বুঝতে পারে।
- রিপোর্ট বা লিস্ট তৈরিতে যখন শুধু প্রথম কিছু রেকর্ড দরকার হয়, তখন LIMIT খুবই কাজে লাগে।
LIMIT আর OFFSET একসঙ্গে ব্যবহার করে ডেটাকে ছোট ছোট ভাগে ভাগ করা যায়, যা ডেটাবেজের পারফরম্যান্স বাড়ায় এবং ব্যবহারকারীর জন্য সহজবোধ্য করে তোলে। বিশেষ করে ওয়েব অ্যাপে পেইজিং বা ধাপে ধাপে ডেটা দেখানোর ক্ষেত্রে এদের গুরুত্ব অনেক বেশি। তাই বড় ডেটাসেট নিয়ে কাজ করলে LIMIT ও OFFSET ব্যবহার করা একদম প্রয়োজনীয়।
JOIN হলো SQL এর একটি clause, যা একাধিক টেবিলের ডেটাকে একত্র করে কুয়েরি করার জন্য ব্যবহৃত হয়। ডেটাবেজে অনেক সময় ডেটা আলাদা আলাদা টেবিলে থাকে, আর সেগুলো একসাথে মিলিয়ে ফলাফল করতে হয়। ঠিক সেই কাজটিই করে JOIN।
একটা টেবিলে সব ডেটা রাখা সম্ভব না হওয়ায় বিভিন্ন টেবিলে ডেটা ভাগ করে রাখতে হয়। যেমন, একটি students টেবিলে ছাত্রদের তথ্য রাখা হবে এবং আর marks টেবিলে ছাত্রদের নম্বর।
তবে কখনো যদি এমন প্রয়োজন হয় যে ছাত্রের নামের সঙ্গে তার নম্বর একসাথে দেখতে হবে তখন JOIN এর মাধ্যমে দুই টেবিলের ডেটাকে যুক্ত করে এভাবে কুয়েরি লেখা হবে:
SELECT name, marks
FROM students
JOIN marks USING(student_id);| No. | Join টাইপ | কাজ কী? |
|---|---|---|
| 1. | INNER JOIN | দুই টেবিলের মিল থাকা রেকর্ডগুলো ফিরিয়ে দেয়। |
| 2. | LEFT JOIN | বাম টেবিলের সব রেকর্ড নিয়ে, মিল না থাকলেও ডেটা দেখায়। |
| 3. | RIGHT JOIN | ডান টেবিলের সব রেকর্ড নিয়ে, মিল না থাকলেও ডেটা দেখায়। |
| 4. | FULL JOIN | দুই টেবিলের সব রেকর্ড, মিল না থাকলেও দেখায়। |
| 5. | CROSS JOIN | দুই টেবিলের সকল সম্ভাব্য রেকর্ডের সবকম্বিনেশন তৈরি করে। |
| 6. | NATURAL JOIN | দুই টেবিলের একই নামের কলামগুলো দিয়ে স্বয়ংক্রিয়ভাবে join করে |
- JOIN হলো টেবিলের ডেটা একত্র করার উপায়।
- এটি টেবিলগুলোর relation ব্যবহার করে ডেটা মিলিয়ে ফলাফল দেয়।
- বিভিন্ন ধরনের JOIN রয়েছে, যা ভিন্ন পরিস্থিতিতে ডেটা আনার জন্য ব্যবহার হয়।
PostgreSQL এ JOIN এর মাধ্যমে ডেটাবেজের শক্তিশালী querying করা সম্ভব হয়, যা ওয়েব অ্যাপ, রিপোর্টিং, ডাটা অ্যানালিটিক্স সব জায়গায় কাজে লাগে।
GROUP BY হলো SQL-এর একটি গুরুত্বপূর্ণ clause, যা ডেটাকে এক বা একাধিক কলামের ভিত্তিতে গ্রুপ করে। এর সাহায্যে একই ধরনের ডেটা একসাথে নিয়ে বিভিন্ন অ্যাগ্রিগেট ফাংশন (যেমন COUNT, SUM, AVG, MAX, MIN) ব্যবহার করে summary তৈরি করা যায়। যখন ডেটাকে নির্দিষ্ট ক্যাটাগরি বা গ্রুপ অনুযায়ী ভাগ করে ফলাফল বের করতে হয়, তখন GROUP BY ব্যবহার করা হয়। যেমন, বিভাগ অনুযায়ী মোট বিক্রয় অথবা ছাত্রদের বিভাগ অনুযায়ী গড় মার্কস ইত্যাদি বের করতে।
GROUP BY হলো aggregation operations-এর সঙ্গী। এটি ডেটাকে বিভিন্ন গ্রুপে ভাগ করে প্রতিটি গ্রুপের জন্য আলাদা আলাদা aggregation ফলাফল তৈরি করতে সাহায্য করে।
উদাহরণস্বরূপ, sales নামক একটি টেবিলে category এবং amount নামের দুটি কলাম আছে। যদি গ্রুপ অনুযায়ী মোট বিক্রয় জানতে হয় তাহলে এভাবে কুয়েরি লেখা হবে:
SELECT category, SUM(amount) AS total_sales
FROM sales
GROUP BY category;- GROUP BYএ যেই কলাম দিয়ে গ্রুপ করা হয়, সেগুলো অবশ্যই SELECT স্টেটমেন্টেও থাকতে হবে বা অ্যাগ্রিগেট ফাংশনের মধ্যে থাকতে হবে।
- GROUP BY ছাড়া অ্যাগ্রিগেট ফাংশন ব্যবহার করলে কুয়েরি কাজ করবে না।
- GROUP BY ডেটাকে গ্রুপ করে summary তৈরি করতে সাহায্য করে।
- এটি একাধিক রেকর্ডকে গ্রুপ আকারে অ্যাগ্রিগেট ফাংশন প্রয়োগ করার জন্য ব্যবহৃত হয়।
- বড় ডেটাসেট থেকে সহজে meaningful রিপোর্ট বা summary তৈরি করতে এটি গুরুত্বপূর্ণ।